সুইজারল্যান্ডের লেকে উড়লো ইলেকট্রিক স্পিডবোট
ঢেউয়ের ওপর দিয়ে উড়ে চললো স্পিডবোট। সর্বোচ্চ গতিবেগ ৫৫ কিলোমিটার। গতি থাকলেও যেমন বিকট শব্দ হয় না, তেমনি শক্তি খরচও কম।
গত ২ সেপ্টেম্বর এমনই একটি বিদ্যুৎ চালিত স্পিডবোটের দেখা মিলেছে সুইজারল্যান্ডের লুসারন লেকে। ক্যানডেলা সেভেন নামের এই স্পিডবোটটিকেই ধরা হচ্ছে বিশ্বের প্রথম বিদ্যুৎ চালিত উড়ন্ত স্পিডবোট হিসেবে।
স্পিডবোটটি আলাদা পাখার মাধ্যমে পানির ওপরে ভেসে চলার কারণে এতে পানির ঘর্ষণ এবং ঢেউয়ের প্রভাব কম পড়ে। এতে অন্যান্য স্পিডবোটের তুলনায় শক্তি খরচ কমে ৮০ শতাংশ। একবারের পূর্ণ চার্জে সর্বোচ্চ ৯০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে।
বোটটির মাধ্যমে ইউরোপের ভ্রমণ ব্যবসায় নতুন মাত্রা যোগ হবে বলে আশা করছে নির্মাতা প্রতিষ্ঠান ডব্লিউ এ আর বুটবাউ উন্ড বুথান্ডেল এজি।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, সুইজারল্যান্ডের জুরিখ, লুসারন এবং জিনিভা'র মতো হ্রদের পাশের শহরগুলোতে ভ্রমণের জন্য সুন্দর এবং উপযোগী বিষয় হবে এই ডড়ন্ত ইলেকট্রিক বোটটি। আর বিদ্যুত চালিত স্পিডবোটটির দাম পড়বে প্রায় আড়াই লাখ ইউরো।